10/05/2025
#কিবোর_ডায়েরী
অনেক দিন সবার কাছে আমার গল্প গুলো করা হচ্ছে না। গল্প করার সুযোগটাই বা পাচ্ছি কই। আজকাল টেনশন করতে করতেই দিন চলে যায়। মাঝে আমার উপর দিয়ে বিশাল স্ট্রেস গেছে। আন্টি,আংকেল আর ভাইয়া আমাকে রেখে কোথায় যেন এক সপ্তাহের জন্য চলে গিয়েছিল। আমার সাথে যাকে রেখে গেল সেই আপাটাকে যাকে আমার প্রথম প্রথম দুই চোক্ষে দেখতে ইচ্ছে হত না। দুপুর গড়িয়ে বিকেল হত, রাত ও হতো, ওরা আর আসতো না। আমি বারান্দায় যেয়ে অপেক্ষা করি, দরজার সামনে অপেক্ষা করি। কিছুতেই ওরা ফিরে আসে না। এত কষ্ট লাগতো। আর ওই বিল্কিস না কিসকিস যেন নাম ওই আপাটা আমাদের ড্রয়িংরুমে ঘুমালে আমি কিছুই বলতাম না। কিন্তু উনি আমাদের বেড রুম বা কিচেনে ঢুকলে আমার ভয়ানক রাগ হত। ফ্রিজ ওভেন ধরলে তো আমি চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলতাম। পরে বুঝতে পারলাম উনাকে আন্টি অনুমতি দিয়ে গেছে এগুলা ব্যবহার করার। শেষ পর্যন্ত মেনে নিলাম। একদিন ওরা ফোনে ভিডিও কল দিয়ে আমাকে ডাকাডাকি করল। আমি তরাক করে কান খাড়া করে আওয়াজ শুনলাম। পরে বুঝলাম ওরা ফিরে আসেনি। ফোনের মধ্যে আমাকে দেখে ডাকছে। অভিমান করে এক কোণে চুপ করে বসে থাকলাম। সাত দিন পর রাত তিনটার সময় হঠাৎ শুনি নিচে ওদের গলার আওয়াজ। ওরে আনন্দ! ওরে খুশি! লাফালাফি করে করে আর আল্লাদে শুয়ে শুয়ে পরে আমি ওদের অনেক ভাবে বুঝিয়েছি আমি ওদের কত্ত কত্ত মিস করেছি আর কত্ত কত্ত ভালবাসি। আমি আসলে ভেবেছিলাম ওরা বোধহয় আর ফিরবে না। এখন আমি বুঝে গেছি, বেড়াতে গেলেও ওরা আবার আমার কাছে ফিরে আসে। আমার জন্য খেলনা আর হাড্ডিও নিয়ে আসে। তাই আমি একটু দেরি হলেও অপেক্ষা করি। তবে আগের চেয়ে টেনশন আমার অনেক বেড়ে গেছে। প্রতিদিন অফিস যায় নাকি আবার কোথাও বেড়াতে যায় চিন্তা লাগে। অফিস গেলে ঠিক আছে। বেড়াতে গেলে অনেক দেরি করে, আমার একটুও ভাল্লাগেনা একা একা। তখন বাসার যত কাগজ বা কার্টুন পাই সব ছিড়ে রাখি। কিচ্ছু না পেলে জুতার আলনা থেকে পছন্দ মত আন্টি বা আংকেলের জুতা স্যান্ডেল নিয়ে চাবাই। এইটা করি যেদিন বেশি বোর হয়ে যাই। ফিরে এসে আমাকে চরম বকা দেয়। তখন আমার খুব মজা লাগে। আন্টির হাত কামড়াতে কামড়াতে আমিও খুব একচোট মজা নিয়ে নেই। আন্টি মাঝে মাঝে মোবাইল দিয়ে বা রিমোর্ট দিয়ে আমার দাঁতের কাছে চোয়ালে মাইর দেয় বেশি কামড়ালে। তখন আমার এত্ত রাগ লাগে। আমিও অভিযোগের সুরে চিল্লাপাল্লা করি। তারপর আমাকে আবার আদর করে। আদর করবেই বা না কেন! আমি তো ঘরের কত দায়িত্ব পালন করি। এই যে ছবি দেখতে পাচ্ছো তোমরা আমি কেন বসে আছি বল তো! আন্টির সাহায্যকারী মেয়েটা পেঁয়াজ কাটছে। এত দামী জিনিস! যেন ফালায় ছড়ায় নষ্ট না করে দেখে রাখা লাগে তো! আমি তাই মন দিয়ে পাহারা দিচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম করে কেউ পেঁয়াজ পাহারা দিয়ে রাখে?
৭ নভেম্বর, ২০১৯