03/12/2025
মানুষ আর কুকুরের বৈপরীত্য!
গত ১ ডিসেম্বর, পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ৮ জন কুকুরছানার বস্তাবন্দী মৃতদেহ। এই ঘটনায় তীব্র সাড়া সৃষ্টি হলে মামলা দায়ের হয়, এবং আজ স্থানীয় এক সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কেন তারা এমনটি করলেন? তাদের ‘অভিযোগ’ কুকুরছানাদের অনেক বেশি ডাকাডাকির ফলে তারা বিরক্ত। আর তার সমাধান করতেই সবাইকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর সেদিন সকাল থেকেই হন্যে হয়ে বাচ্চাদের খুঁজে চলেছে মা কুকুর।
একইদিনে আরেক স্থানে কয়েকজন কুকুর ঘটায় একদম বিপরীত এক ঘটনা। পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক পাবলিক টয়লেটের বাইরে গভীর রাত থেকে পড়ে ছিল একজন মানব নবজাতক। সেই নবজাতক যেন নিরাপদে থাকে সেজন্য কয়েকজন কুকুর এসে তাকে ঘিরে একটি বৃত্ত সৃষ্টি করে পাহারা দেয় সারা রাত। সকালবেলা অবশেষে যখন স্থানীয় মানুষ ব্যাপারটি দেখতে পায়, এবং শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যায়; কেবলমাত্র তখনই কুকুরেরা তাদের দায়িত্ব শেষ করে। (তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)
একই দিনে মানুষ আর কুকুরের এমন দুই বিপরীত আচরণ দেখলাম আমরা। একদিকে শিক্ষা-দীক্ষা-অহংকারে সেরা জীব হিসেবে বড়াই করা মানুষের হাতে নিহত হলো ৮ জন কুকুরছানা, যারা কিনা মানুষকে বন্ধু ভেবেই চারপাশে থাকত। অন্যদিকে এই মানুষেরই এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় রক্ষা করতে শীত সহ্য করেও দাঁড়িয়ে থাকল কয়েকজন কুকুর! আমাদের বড়াই কি থামবে? ভূপেন হাজারিকার সুর ধরে বলাই যায়, ‘লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু…’